পিরোজপুরে ব্যতিক্রমী উদ্যোগ
পিরোজপুর অফিস
কুকুরসহ অভুক্ত প্রাণীদের ইয়ূথ সোসাইটি নামে একটি সংগঠন প্রতিদিন রান্না করা খাবার খাওয়াচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে শহরের হোটেল-রেস্তোরাঁ প্রায় বন্ধ থাকায় পর্যাপ্ত খাবারের অভাবে বেওয়ারিশ কুকুরগুলো অভুক্ত অবস্থায় থাকছে। জেলা প্রশাসনের সাহায্যে ক্ষুধার্ত এ কুকুরগুলো হিংস্র আচরণ করায় একদল তরুণ-যুবক এ উদ্যোগ নিয়েছেন। আগামী ১১ এপ্রিল পর্যন্ত এই ব্যতিক্রমী কর্মসূচি চলবে। গত ২ এপ্রিল রাতে শহরে শুরু করা এই অভুক্ত প্রাণীগুলোকে প্রতি রাতে খাবারের ব্যবস্থার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বশির আহমেদ, এনডিসি মফিজুর রহমান এবং পিরোজপুর ইয়ূথ সোসাইটির সদস্যরা। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, করোনা ভাইরাস প্রতিরোধের কারণেই ২৬ মার্চ থেকেই শহরের হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকায় পর্যাপ্ত খাবারের অভাবে শহরের রাস্তায় থাকা কুকুরগুলো অভুক্ত অবস্থায় থাকছে এবং সে কারণেই কুকুরগুলো হিংস্র আচরণ করছে। তাই পিরোজপুর শহরের এই অভুক্ত কুকুরগুলোকে প্রতিদিন খাবার দিতে পিরোজপুর ইয়ূথ সোসাইটিকে সহযোগিতা করছে জেলা প্রশাসন। পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়কারী মো. হাসিবুল ইসলাম হাসান জানান, করোনা ভাইরাসের কারণে মানুষের পাশাপাশি পশু-পাখিও বিপদে রয়েছে। হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকায় পর্যাপ্ত খাবার পাচ্ছে না অনেক প্রাণী। তাই এই অভুক্ত প্রাণীদের খাদ্য দেওয়ার জন্যই জেলা প্রশাসনের সহযোগিতায় পিরোজপুর ইয়ূথ সোসাইটি এ খাবার বিতরণের আয়োজন করেছে। শহরের হোটেল-রেস্তোরাঁ না খোলা পর্যন্ত প্রতিদিন রাতে শহরের প্রায় ৬০ থেকে ৭০টি অভুক্ত প্রাণীকে এ খাবার দেওয়া হবে। শহরের ক্লাব রোড, থানা রোড, সিও অফিসের মোড়, বাস টার্মিনাল, পুরাতন বাসস্ট্যান্ড, প্রেসক্লাব রোড প্রভৃতি এলাকায় এ খাবার দেওয়া হচ্ছে।