তালায় কাজ করছে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক

করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবা

গাজী জাহিদুর রহমান, তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার তালা উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ রোধে কাজ করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক।

করোনা পরিস্থিতি মোকাবিলায় সন্দেহভাজনদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, মাইকিং, জীবাণুনাশক স্প্রেসহ সংশ্লিষ্ট কাজে অংশগ্রহণের জন্য তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন তার অফিসিয়াল ফেসবুকে পোস্ট দিয়ে স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দেয় উপজেলা ১৪টি স্বেচ্ছাসেবী সংগঠনসহ পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক। এসব সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রাথমিকভাবে করণীয় নির্ধারণ করে সমন্বয় কমিটি গঠন করা হয়। সমন্বয় কমিটির কে কোন ইউনিয়নে কাজ করবে তা ঠিক করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের তত্ত্বাবধানে ১৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক উপজেলার ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডে দায়িত্ব পালন করছে। তাদের সমন্বয় করছে পাঁচ সদস্যের (কোভিড-১৯) রেসপন্স টিম। সমন্বয় কমিটিতে রয়েছে বেসরকারি সংস্থা উত্তরণের জাহিন শামস স্বাক্ষর, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী, উন্নয়ন প্রচেষ্টার শাহনেওয়াজ কবির শাওন, তালা ব্লাড ব্যাংকের এডমিন প্যানেল সদস্য এস এম নাহিদ হাসান ও গ্রীন আর্মির ইমরান রাব্বি। তালা ব্লাড ব্যাংকের এডমিন প্যানেল সদস্য সৌমেন মজুমদার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় তালা ব্লাড ব্যাংকের শতাধিক স্বেচ্ছাসেবকসহ  পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক কঠোর পরিশ্রম করছে। তারা বাজারের দোকানগুলোতে নির্দিষ্ট দূরত্ব বাজায় রেখে কেনাকাটা করার জন্য মার্ক করে দিয়েছে। মাইকিং ও ছোটো ছোটো টিমে ভাগ হয়ে ডোর টু ডোর জীবাণুনাশক স্প্রে করে জনগণকে সচেতন করছে।

তালা উপজেলা নির্বাহী কর্মাকর্তা মো. ইকবাল হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধের একমাত্র উপায় ঘরে থাকা। আর মানুষকে ঘরে রাখাটা কঠিন কাজ। তাই মানুষকে সচেতন করে ঘরে ফেরাতে প্রশাসনের সব উদ্যোগ বাস্তবায়নে উপজেলার ১০৮টি ওয়ার্ডে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক দিন-রাত কাজ করছে। নিজেদের ঝুঁকি থাকা সত্ত্বেও তারা উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে কাজ করছে। আমাদের জাতীয় জীবনে সব বিপর্যয় কাটিয়ে উঠতেই যুবকরা অগ্রণী ভূমিকা রাখে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।