ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও প্রাইভেট নিষিদ্ধ করায় ঘরবন্দি হয়ে পড়েছে শিক্ষার্থীরা। এতে শুধু তাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে না, মন ও আচরণেও নেতিবাচক প্রভাব পড়ছে এবং তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। তাই অনেকেই সংসদ টিভির মতো অন্যান্য টিভি চ্যানেলেও পাঠদানের অনুষ্ঠান প্রচারের দাবি জানিয়েছে। তাহলে হয়তো পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতে পারবে শিক্ষার্থীরা।
পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের কলেজ শিক্ষক আফরোজ জাহান বলেন, একমাত্র ছেলে স্কুলছাত্র। করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে ঘরবন্দি থাকায় সারাক্ষণ মনমরা হয়ে থাকে। এ অবস্থায় জোর করে তাদের পড়ানো যাচ্ছে না। দিন দিন ওর মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে।
উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা বলেন, সংসদ টিভির পাঠদান শুধু ডিশের লাইন আছে এমন এলাকায়ই সম্প্রচার হয়। ফলে গ্রামগঞ্জের শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। তাই পাঠদান অনুষ্ঠানটি বিটিভির পাশাপাশি সব চ্যানেলে সম্প্রচার হলে গ্রামের শিক্ষার্থীরা উপকৃত হতো।
ফুলবাড়ী জি এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক বলেন, বিদ্যালয় বন্ধকালীন টেলিভিশনে পাঠদান কার্যক্রম চালানো একটি সময় উপযোগী উদ্যোগ। কিন্তু এটি ঠিকমতো দেখতে না পাওয়ায় শিক্ষার্থীরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। তবে বিটিভিসহ সব বেসরকারি চ্যানেলে পাঠদান কার্যক্রম প্রচার করলে শিক্ষার্থীরা এর সুফল পাবে।