চাটখিলে ছয় হাজার মোটর শ্রমিক বেকার

কাজে আসছে না কল্যাণ তহবিল

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালী জেলার চাটখিলে করোনা ভাইরাসের প্রভাবে ৬ হাজার মোটর শ্রমিক বেকার হয়ে দিনাতিপাত করছেন। কাজ না থাকায় এবং ঘর থেকে বের হতে না পারায় এসব শ্রমিক অভাব-অনটনে পড়ে চরম দুর্ভোগে আছেন। অন্য দিকে তাদের কাছ থেকে প্রতিদিন শ্রমিক কল্যাণের নামে যে চাঁদা আদায় হয় সে টাকা এখন দুর্দিনে তাদের কোনো কাজে আসছে না।

সিএনজি অটোরিকশাচালক আমিন জানান, তাদের কাছ থেকে প্রতিদিন শ্রমিক কল্যাণের নামে ১০ টাকা করে নেওয়া হয়। এ টাকা শ্রমিকদের কল্যাণে এবং বিপদে খরচ করার কথা থাকলেও এখানে এই টাকার কোনো হিসেব নেই। চাটখিলে ব্যাটারিচালিত রিকশা থেকে শুরু করে বাস ট্রাক পর্যন্ত সমস্ত পরিবহন থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার টাকা চাঁদা আদায় হয়। এসব টাকা বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে আদায় করা হলেও এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কেউ শ্রমিক নয়।

শ্রমিক জহির জানান, এখন তারা বেকার হলেও কথিত এসব চাঁদা আদায়কারী নেতা তাদের টাকা দিয়ে রাজকীয়ভাবে চলছেন। এভাবে অভিযোগ করেছেন আরো অনেক শ্রমিক।

এ ব্যাপারে ইউএনও মো. দিদারুল আলম জানান, এখানে শ্রমিক সংগঠনের নামে চাঁদা আদায় করা হয়, তা তিনি জানেন না। তাছাড়া নতুন পরিবহন আইনে এসব চাঁদা বেআইনি ঘোষণা করা হয়েছে।