রাজবাড়ী প্রতিনিধি
করোনা ভাইরাসের কারণে সাধারণ রোগীদের চিকিত্সাসেবা অব্যাহত রাখতে রাজবাড়ী জেলার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলাতে ভ্রাম্যমাণ মেডিক্যাল স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে।
শনিবার এ স্বাস্থ্যসেবা চালু করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
ভ্রাম্যমাণ ঐ মেডিক্যাল টিমের চিকিত্সক ডা. সুপ্রভ আহমেদ জানান, জেলার উল্লিখিত তিনটি থানায় আমরা সেবা দেব। রোগীরা প্রয়োজনে ০১৭৯৮৬২৭৩৩৬ ও ০১৮১৬৮৭১৬২০ ফোন করে আমাদের কাছ থেকে স্বাস্থ্যসেবা নিতে পারেন।
ভ্রাম্যমাণ মেডিক্যাল টিমের চিকিত্সক ডা. তিতুমীর বিশ্বাস বলেন, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাংশা উপজেলার কলিমোহর ও সরিষা ইউনিয়নের ছয় জন রোগীকে ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম সেবা দিয়েছে। ঐ সকল রোগীকে ওষুধ সরবরাহ করছেন স্থানীয় সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম ও তার পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিম।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে আমার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষ যেন খেতে ও চিকিত্সাসেবা থেকে বঞ্চিত না হয় সেই দিকে কাজ করে যাচ্ছি।