কোভিড-১৯-এর কারণে উদ্বিগ্ন জনগোষ্ঠী
করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তারে দেশের দুশ্চিন্তাগ্রস্ত ও উদ্বিগ্ন জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মনঃসামাজিক সহায়তা সেল চালু করল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এই সেলের ০১৮১১৪৫৮৫৪১ ও ০১৮১১৪৫৮৫৪২ এই দুইটি নম্বরে ফোন করে মানসিক স্বাস্থ্যসেবা নিতে পারবেন। রবি থেকে বৃহস্পতিবার সপ্তাহের পাঁচ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফোন কলের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিত্সকের কাছ থেকে সেবা গ্রহণ করা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়াও সোসাইটির চলমান বিভিন্ন সেবা কার্যক্রম সম্পর্কে আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও অভিযোগ জানাতে সপ্তাহের সাত দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সোসাইটির হটলাইন নম্বরে ০১৮১১৪৫৮৫২৪ কল এবং feedback@bdrcs.org তে ইমেইল করা যাবে।
ডেনিস রেডক্রসের সহযোগিতায় তিন মাস এই মনঃসামাজিক সহায়তা কার্যক্রম চলবে। গতকাল রবিবার বিকালে সোসাইটির জাতীয় সদর দপ্তরে মনঃসামাজিক সহায়তা সেলের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গভর্নিং বোর্ডের সদস্য প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত এমপি। বক্তব্য রাখেন সোসাইটির ট্রেজারার লুত্ফুর রহমান চৌধুরী হেলাল, মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন ও ডেনিস রেডক্রসের প্রতিনিধিগণ। উপস্থিত ছিলেন সরকারের স্বাস্থ্য বাতায়ন প্রধান ডা. নিজাম উদ্দিন আহমেদ সোসাইটির স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শাহানা জাফর প্রমুখ। পরে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫ বেডের আইসোলেশন ইউনিট চালু করতে ৩২ লাখ টাকার অর্থ সহায়তার চেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন ডেনিস রেডক্রসের প্রতিনিধিরা।—প্রেস বিজ্ঞপ্তি