নড়াইলে মাশরাফির উদ্যোগে ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম

নড়াইল প্রতিনিধি 

‘সুস্থ সেবায় এই দুর্যোগে, নড়াইল এক্সপ্রেস আপনার দ্বারে’ এ শ্লোগানকে সামনে রেখে নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্তজার ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের’ উদ্যোগে ভ্রাম্যমাণ মেডিক্যাল টিমের উদ্বোধন করা হয়েছে। গতকাল ভ্রাম্যমাণ মেডিক্যাল টিমের উদ্বোধন করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মোর্তজা স্বপন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, সহসভাপতি শামীমূল ইসলাম টুলু, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম প্রমুখ।

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মানুষ যখন ঘরে আবদ্ধ এবং সাধারণ চিকিত্সা সেবাও যখন বাধাগ্রস্ত হচ্ছে ঠিক সেই সময় এগিয়ে এলেন নড়াইল-২ আসনের এমপি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মোর্তজা। গতকাল থেকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে একটি ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম জেলার তৃণমূল মানুষের দ্বারে দ্বারে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে। শুক্রবার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ক্রিকেট তারকা মাশরাফি এ স্বাস্থ্যসেবা চালুর ঘোষণা দেন। ভিডিও বার্তায় তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, খাদ্যদ্রব্য সরবরাহের পাশাপাশি সাধারণ ভ্রাম্যমাণ চিকিত্সাটাও জরুরি। যারা বিভিন্ন রোগে (করোনা ছাড়া) ভুগছেন তাদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস। ভ্রাম্যমাণ টিমের দুইটা মোবাইল নম্বরে (০১৩১৪-৯৬৬৬৯৯, ০১৭৮৪-২৮৯৪৯৪) আপনারা যোগাযোগ করবেন।

প্রাথমিক অবস্থায় নড়াইলের সন্তান ডা. দ্বীপ বিশ্বাস এবং তার সহধর্মিণী ডা. স্বপ্না রানী সরকার এই চিকিত্সা দিবেন। এজন্য তিনি ডাক্তারদের ধন্যবাদ দেন এবং নড়াইলের সন্তান যারা চিকিত্সা পেশায় রয়েছেন তাদের সহযোগিতা কামনা করেছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে এ চিকিত্সাসেবা নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন, এ ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন তৃণমূল এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবা পৌঁছে দিবে। প্রথমে একটি মেডিক্যাল টিম মাঠ পর্যায়ে কাজ করবে।