‘করোনার প্রভাবে পণ্য পরিবহন শিল্প স্থবির’

ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি

বিশেষ প্রতিনিধি

করোনার প্রভাবে দেশে পণ্য পরিবহন শিল্প স্থবির হয়ে পড়েছে। আমদানি ও রপ্তানি না থাকায় হাজার হাজার গাড়ি বিভিন্ন টার্মিনালে বসে রয়েছে। প্রয়োজনীয় মালামাল না থাকায় পরিবহন মালিকরা দিশেহারা। আর যে সব মালামাল রয়েছে তা স্বাভাবিক ভাড়ার তুলনায় কম ভাড়া নিয়ে গাড়ি চালাচ্ছেন গাড়ির মালিক ও শ্রমিকরা। গতকাল রবিবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান।

বিবৃতিতে তারা বলেন, শুধু শ্রমিকদের চালিয়ে রাখতে মালিকপক্ষ তাদের ব্যবসায়িক ক্ষতি হওয়া স্বত্ত্বেও কিছু কিছু গাড়ি এই করোনার মধ্যেও রাস্তায় চলাচল করছে। কিন্তু কিছু কিছু মিডিয়া চট্টগ্রাম বন্দরে ট্রাক ভাড়া বেশি হওয়ার কারণে আমদানিকৃত মালামাল পরিবহন করতে পারছে না বলে যে সংবাদ প্রচার করছে তা সম্পূর্ণ ভুল। বর্তমানে পণ্য পরিবহন গাড়ির সংকট নেই। বর্তমানে হাজার হাজার গাড়ি ট্রিপের অপেক্ষায় রয়েছে। আর চট্টগ্রাম বন্দরে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে যে ট্রিপ সাধারণ মালিক পেয়ে থাকেন তা স্বাভাবিক ভাড়ার চেয়ে কম ভাড়ায় ট্রিপ নিয়ে থাকেন। সঠিক ভাড়া থেকে সাধারণ মালিকরা বঞ্চিত হচ্ছেন। নেতৃবৃন্দ আরো বলেন, যেসব বেসরকারি ডিপো রয়েছে তাদের অব্যবস্থাপনার কারণে অনেক গাড়ি দিনের পর দিন আনলোড হয় না। এমনকি বর্তমানে করোনার কারণে জাহাজে প্রয়োজনীয় কনটেইনার না থাকার কারণে অনেক গাড়ি রপ্তানিকৃত মালামাল নিয়ে পুনরায় ফেরত আসছে। নেতৃবৃন্দ বলেন, প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, কাঁচামাল, জীবনরক্ষাকারী ওষুধ পরিবহনে মালিক শ্রমিকরা সচেষ্ট ও নির্বিঘ্নে গাড়ি চালাচ্ছেন। করোনার আতঙ্কের মধ্যেও শ্রমিকরা দেশ সেবা করে আসছেন এবং ভবিষ্যতে দেবেন।