মশককুলের অত্যাচার

বন্দর নগরী চট্টগ্রামে মশার উত্পাত বেড়েছে। সন্ধ্যা নামতে না নামতেই ঝাঁকে ঝাঁকে মশার অত্যাচার শুরু হয়ে যায়। দিনের বেলায়ও মশাদের উত্পাত সমানে চলে। এতে বাড়ছে মশাবাহিত বিভিন্ন রোগ ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়ার ঝুঁকি। মশা নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাগুলোর দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়ছে না। কোভিড-১৯ ছাড়াও মানুষের মধ্যে চলতি মৌসুমে ডেঙ্গু ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার আতঙ্ক পরিলক্ষিত হচ্ছে। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কার্যক্রম এগুচ্ছে ধীর গতিতে। ফলে বিভিন্ন স্থানে খননকৃত নালা-নর্দমাসমূহে বর্তমানে কোনো পানির প্রবাহ নেই। নালা-নর্দমার বদ্ধ ময়লা পানিতে মশারা নিরাপদ বংশ বিস্তার করে যাচ্ছে। এখানে হাজার হাজার মশার লার্ভা ভাসতে দেখা যায়। সময়মতো ড্রেনেজ সিস্টেমের কাজ শেষ হলে এবং মশার কীটনাশক প্রয়োগ করলে মশার উত্পাত নিয়ন্ত্রণ করা সম্ভব হত। দুঃখজনক হলেও সত্য যে, এসবের কিছুই করা হয়নি। বিষয়টির প্রতি সিটি করপোরেশনের আশু উদ্যোগ কামনা করছি।

এম আনোয়ার হোসেন

মকবুল সওদাগর রোড, কাপাসগোলা, চট্টগ্রাম