নিউ ইয়র্কে করোনায় মারা গেছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ

নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ইন্ক-এর সভাপতি কামাল আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্থানীয় সময় রবিবার ভোর সাড়ে ৪টায় নিউ ইয়র্কের এলমহামর্স্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং কার্যকরী সদস্য মোহাম্মদ সাদী মিন্টু তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কামাল আহমেদের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

গত ৩০ মার্চ মারাত্মক    অসুস্থ অবস্থায় কামাল আহমেদকে নিউ ইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। এছাড়া হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার একটি কিডনি বিকল হয়ে পড়লে শনিবার বিকালে ডায়ালাইসিস করা হয়। এরই মধ্যে শনিবার দিবাগত রাতেই তিনি হূদেরাগে আক্রান্ত হন। ভোর সাড়ে ৪টায় কামাল আহমেদকে মৃত ঘোষণা করা হয়।

মোহাম্মদ সাদী মিন্টু জানান, হাসপাতাল থেকে মরদেহ পাওয়া গেলে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ালে নিজের জন্যে কেনা কবরে তাকে দাফন করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কামাল আহমেদ সপরিবারে নিউ ইয়র্কের এলমহার্স্টে সস্ত্রীক বসবাস করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। বাংলাদেশ সোসাইটির প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ জানান, কামাল আহমেদের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। এ পর্যন্ত নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে প্রায় ৬০ জন বাংলাদেশি মারা গেছেন। আক্রান্তের কোনো হিসাব নেই। বাংলাদেশি অনেক পরিবারেই করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীর শোক

কামাল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। গতকাল এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, কামাল আহমেদ অত্যন্ত সত্ এবং প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তার চলে যাওয়া প্রবাসীসহ সকল বাংলাদেশির জন্য অপূরণীয় ক্ষতি।