করোনার আতঙ্কের মধ্যেই দুই শতাধিক রোহিঙ্গা নিয়ে নৌকা মালয়েশিয়ায়

মালয়েশিয়ার সাগরপাড়ে ২০০র বেশি মানুষ নিয়ে একটি নৌকা আটক করা হয়েছে। আটককৃতদের রোহিঙ্গা মুসলিম দাবি করছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল রবিবার মালয়েশিয়ার সময় ভোর ৫টায় এ ঘটনা ঘটে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ বলছে, এ মুহূর্তে সবাই যখন করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন, ঠিক তখনই মানব পাচারকারীরা সুযোগ নিচ্ছে নানা অবৈধ উপায়ে উদ্দেশ্য হাসিল করার। মালয়েশিয়ার অভিজাত পর্যটন এলাকা লঙ্কাউইর কাছে একটি রিসোর্টের এক নটিক্যাল মাইলের মধ্যে পাওয়া গেছে এ নৌকাটি। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নৌকাটিতে মোট ২০২ জন ছিলেন। যার মধ্যে ১৫২ জন পুরুষ, ৪৫ জন নারী ও পাঁচটি শিশু। মালয়েশিয়ার   কোস্ট গার্ড বলছে, এ পুরো গ্রুপটিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে, কারণ তারা অবৈধভাবে মালয়েশিয়ার সীমায় ঢুকেছে।

তবে সেখান থেকে তিন জন পাচারকারী পালিয়েছেন বলছে মালয়েশিয়ায় ঢুকতে চেষ্টা করা দলটি। তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হবে। রোহিঙ্গাবাহী এ নৌকাটি কোথা থেকে এসেছে সে বিষয়ে এখনো কিছু জানায়নি মালয়েশিয়ার কর্তৃপক্ষ।