দেশে তাবলিগ জামাতের সব কার্যক্রম স্থগিত

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে তাবলিগ জামাতের সব কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। মানিকগঞ্জের সিঙ্গাইরে তাবলিগ জামাতে গিয়ে এক মুসল্লি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর সংগঠনটি গত শনিবার রাতে তাবলিগ জামাতের আলমী শুরার সর্বসম্মত এ নির্দেশনা দেশের সব মার্কাজকে পাঠানো হয়েছে। চট্টগ্রামের মেখল মাদ্রাসার শিক্ষক ও তাবলিগের চারিয়া মার্কাজের দায়ী মাওলানা জাকারিয়া নোমান আলমী শুরার সদস্য মাওলানা রকিবুল ইসলামের বরাত দিয়ে এ তথ্য জানান। মাওলানা জাকারিয়া নোমান বলেন, দেশের এ পরিস্থিতিতে তাবলিগ জামাতের সব কাজ স্থগিত করা হয়েছে, বিশেষ করে মসজিদভিত্তিক দাওয়াতি কাজ। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আলমী শুরার বড়োদের থেকে আমাদের কাছে              এ হিদায়েত (নির্দেশনা) পৌঁছানো হয়েছে। তিনি বলেন, ‘ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদে ফরজ নামাজ পড়ে সুন্নত বাসায় গিয়ে পড়তে। সে হিসেবে আমরা আমাদের দেশে সব রকম মসজিদওয়ারি আমল বন্ধ রাখব এবং চলতি জামাতগুলোকে বাড়িতে ফিরে যেতে বলা হচ্ছে।’