মানবজমিন, আলোকিত বাংলাদেশ, দৈনিক জনতাসহ বেশ কয়েকটি দৈনিক পত্রিকার প্রিন্ট ভার্সন বন্ধ করে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শনিবার বিকালে ডিইউজের নির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় কমিটির সদস্যরা উল্লেখিত পত্রিকাগুলোর প্রিন্ট ভার্সন বন্ধ রাখাসহ সরকারি ছুটি চলাকালে কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে কোথাও কোথাও পুলিশের দুর্ব্যবহার এবং বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কোনো ধরনের উদ্যোগ না নেওয়ায় উদ্বেগ জানান।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদ। তিনি বলেন, করোনা সংক্রমণের মধ্যে অনেক গণমাধ্যম সাংবাদিক ছাঁটাই করেছে, যা শ্রম আইন ও মানবিক চেতনার পরিপন্থি। এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, করোনা ভাইরাসের মতো কঠিন দুর্যোগের মধ্যেও অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ন্যূনতম উদ্যোগ গ্রহণ করেনি। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুই জন ফটোসাংবাদিক চিকিত্সাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানান তিনি।
সভায় বিভিন্ন গণমাধ্যমে বেতন-ভাতা বকেয়া থাকায় উদ্বেগ প্রকাশ করেন ডিইউজের নেতারা। অবিলম্বে বকেয়া পরিশোধের আহ্বান জানানো হয়। সাংবাদিকদের নিরাপদে কর্মস্থলে আনা-নেওয়ার জন্য পরিবহন-সুবিধা নিশ্চিতের দাবি জানান তারা।
এদিকে গতকাল রবিবার এক বিবৃতিতে ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজে গণমাধ্যমকর্মীদের আর্থিক নিরাপত্তায় সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। —প্রেস বিজ্ঞপ্তি