করোনা ভাইরাস

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বৈশাখী ভাতার ৩০ লাখ টাকা দিচ্ছে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের এ বছরের বৈশাখী ভাতার অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ ভাতার পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। এ অর্থ প্রদানের মাধ্যমে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলকে সমৃদ্ধ করার পাশাপাশি এ বছর নববর্ষ অনাড়ম্বরপূর্ণ ও জনসমাগম ব্যতীত পালন করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি একাত্মতা প্রকাশ করেছে। গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, করোনা ভাইরাসের বিস্তারে আজ বিশ্বের সব প্রান্তের জনজীবন পর্যুদস্ত। এ সংকট মোকাবিলায় সরকারি কর্মচারী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। এরই মধ্যে মুজিববর্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর গৃহনির্মাণ কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত  গ্রহণ করেছেন।