সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও তার স্বামী করোনায় আক্রান্ত

ফরিদপুর থেকে তাবলিগ জামাতে মানিকগঞ্জের সিংগাইরে আসা আব্দুল বাকির পর এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও তার স্বামী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। গতকাল রবিবার বিকালে সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেকেন্দার আলী মোল্লা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত ঐ নারী ঢাকার টোলারবাগে থাকেন। তাকে ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের আইসোলোশনে রাখা হয়েছে। ডা. মো. সেকেন্দার আলী মোল্লা জানান, গত ২৬ মার্চ তিনি সর্বশেষ অফিস করেন। অসুস্থতার কারণে এরপর তিনি আর অফিসে আসেননি। জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিলে গত শনিবার তিনি ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) গিয়ে পরীক্ষা করান। তিনি আরো জানান, ঐ নারী এবং তার স্বামী উভয়ের শরীরেই করোনা ভাইরাস শনাক্ত হয়। টোলারবাগের যে বাড়িতে ঐ নারী থাকতেন সেটি লকডাউন করেছে প্রশাসন। তবে তাদের সন্তানেরা সুস্থ আছেন।