করোনার উপসর্গ নিয়ে রামেক থেকে পালিয়েছে নার্সসহ দুই রোগী

করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ছেড়ে পালিয়েছে নার্সসহ দুই রোগী। তারা করোনা উপসর্গ জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ডে রেখে তাদের চিকিত্সা দেওয়া হচ্ছিল। শনিবার রাতে কর্তৃপক্ষের ছাড়পত্র না নিয়েই তারা হাসপাতাল থেকে পালিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে, রামেক হাসপাতালে করোনা আক্রান্ত সন্দেহে এক জন ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিত্সা সমন্বয় কমিটির আহ্বায়ক ডা. আজিজুল হক আজাদ। গতকাল রবিবার রামেক হাসপাতালে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তিনি আরো বলেন, চিকিত্সাধীন সন্দেহভাজন রোগী এক জন নার্স। তাকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থাপিত করোনা ওয়ার্ডে চিকিত্সা দেওয়া হচ্ছিল। শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল তার পরীক্ষা করে ফলাফল ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

গত ১ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ১২ রোগীর মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার আট জনকে ছাড়পত্র দেওয়া হয়। বাকি চার জনের মধ্যে শনিবার ঐ নার্সকে সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর তিন জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রবিবার আরেক জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি দুই জন শনিবার রাতে হাসপাতাল থেকে পালিয়েছে। পলাতকদের এক জনের যক্ষ্মায় আক্রান্তের উপসর্গ ছিল। এর আগে করোনার উপসর্গ নিয়ে ভর্তি আরেক রোগী গত ২ এপ্রিল হাসপাতাল থেকে পালিয়ে যান। জেলা সিভিল সার্জন জানান, গতকাল আরো ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।