বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাস মুকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ত্রাণ তহবিলে নিজেদের বৈশাখী ভাতা প্রদান করেছে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশনের সদস্যবৃন্দ। রবিবার এই অর্থ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে প্রেরিত এক চিঠিতে বলা হয়, 'বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশনের সদস্যবৃন্দ তাঁদের এ বছরের বৈশাখী ভাতার অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশনের কর্তৃক প্রদেয় এই ভাতার পরিমাণ প্রায় ৩০ (ত্রিশ) লক্ষ টাকা। এই অর্থ প্রদানের মাধ্যমে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলকে সমৃদ্ধ করার পাশাপাশি এ বছর নববর্ষ অনাড়ম্বর পূর্ণ ও জনসমাগম ব্যতীত পালন করার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি একাত্মতা প্রকাশ করছে।'
পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের (কোভিড -১৯) বিস্তারে আজ বিশ্বের সকল প্রান্তের জনজীবন পর্যদুস্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্যানডেমিক ঘোষিত এই মহামারী ইতোমধ্যে ১৮১ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০জন। যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনের মত উন্নত দেশসমূহও এই ভাইরাসের বিস্তার রোধ এবং এর সংক্রমণে মৃত্যু রোধে লড়াই করে যাচ্ছে।
বাংলাদেশ সরকারের কার্যকর পদক্ষেপ এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় এখনো বাংলাদেশে এই ভাইরাসের বিস্তার সহনীয় পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে এই ভাইরাসের সম্ভাব্য বিস্তার রোধে সরকার জরুরি সেবা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন ব্যতীত সকল অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১৪ এপ্রিল ২০২০ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে, সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে এবং জনসাধারণকে অতি জরুরি প্রয়োজন ব্যতীত বাসায় অবস্থানের নির্দেশনা প্রদান করেছে।
বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন জানায়, সরকারের সকল উদ্যোগে সহযোগিতার পাশাপাশি যে কোন সংকট মোকাবেলায় দেশের জনগণের সহায়তায় কাজ করতে বদ্ধ পরিকর আমরা। এ লক্ষ্যে, এসোসিয়েশনের সদস্যবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংকট মোকাবেলায় প্রবাসী বাংলাদেশীদের সাধ্যমত সহায়তা প্রদান করে আসছে।
এখানে প্রসঙ্গত উল্লেখ্য, মুজিববর্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর গৃহনির্মাণ কর্মসূচীতে অংশগ্রহণের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রীর আহ্বানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী গন তাঁদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত ইতোমধ্যে গ্রহণ করেছেন।
ইত্তেফাক/আরএ