বিনোদন রিপোর্ট
করোনা ভাইরাস নিয়ে দেশের মানুষকে সচেতন করতে এরইমধ্যে গান গেয়েছেন অনেকেই। এ ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক নাটকও নির্মাণ হয়েছে। এবার করোনা নিয়ে নির্মিত হলো অ্যানিমেশন ওয়েব সিরিজ। এটি নির্মাণ করেছেন পরিচালক আকতারুল আলম তিনু। করোনা ভাইরাস কীভাবে ছড়ায় এবং কীভাবে তা প্রতিরোধ করা যায় তা দেখানো হয়েছে ‘করোনা কাল’ শিরোনামের এই ওয়েব সিরিজে। পরিচালনার পাশাপাশি ‘করোনা কাল’-এর থ্রিডি অ্যানিমেশন এবং সম্পাদনা করেছেন আকতারুল আলম তিনু। গতকাল ১০ পর্বের ওয়েব সিরিজটির প্রথম পর্ব ইউটিউবে প্রকাশ পেয়েছে। ধারাবাহিকভাবে বাকি পর্বগুলো প্রকাশ পাবে বলে জানান নির্মাতা। টিম আটের গল্প ভাবনায় নির্মিত অ্যানিমেশন ওয়েব সিরিজটিতে কণ্ঠ দিয়েছেন আকতারুল আলম তিনু, মঈনুল ইসলাম সাইদী ও মার্জিয়া নাহার শাওনা। এটি প্রযোজনা করেছে ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন ও প্রকাশ পাচ্ছে সি মিউজিক মোশনের ব্যানারে।