‘ফ্যান্টাসি রাজা’র বিদায়

 

অগণিত মানুষের শৈশব-কৈশোর মাতিয়েছে স্পাইডারম্যান, এক্সম্যান, হাল্ক, আয়রনম্যান, ডক্টর স্ট্রেঞ্জের মতো চরিত্রগুলো। পৃথিবী কাঁপানো এসব চরিত্রের স্রষ্টা মার্কিন কমিক্স বই লেখক ও মার্ভেল কমিক্সের সাবেক প্রেসিডেন্ট স্ট্যান লি আর নেই। সোমবার শিকাগোর সিনাই মেডিক্যাল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৫ বছর বয়সী স্ট্যান লি। তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ব মিডিয়া অঙ্গনের তারকাসহ অসংখ্য ভক্ত-অনুরাগী।

 

বদলে দেন গোটা কমিক্স ইন্ডাস্ট্রিকে

 

১৯২২ সালে একটি অসচ্ছল ইহুদি পরিবারে জন্ম নেওয়া এই গুণী ১৯৬১ সালে তিনি ‘লি দ্য ফ্যান্টাস্টিক ফোর ফর মার্ভেল কমিক্স’ তৈরি করেন। এই ফ্যান্টাসটিক ফোর শুধু লি’র জীবন নয়, বরং বদলে দেয় গোটা কমিক্স ইন্ডাস্ট্রিকে। সেই থেকে তাকে পপ কালচারের জনক হিসেবে আখ্যা দেওয়া হয়। মূলত জনপ্রিয়তার শুরু সেখানেই। তবে তিনি একাই জনপ্রিয় হয়ে ওঠেননি, অনেককে নিয়েই জনপ্রিয় হয়েছেন। তার প্রতিটি কমিক চরিত্রে আঁকিয়েদের কৃতিত্ব দিতেও ভুলতেন না লি। এ কারণে তার নামের সঙ্গে সঙ্গে কমিক্স পাগলদের কাছে প্রিয় নাম হয়ে ওঠে কারবি, ফ্র্যাঙ্ক মিলার, জন রমিটান্ডসহ আরো অনেক শিল্পী।

 

পর্দায় লি

লি ১৯৭১ সালে মারভেল থেকে অবসর নেন। কিন্তু নিজের হাতেগড়া এই কমিক্স ইন্ডাস্ট্রিকে বিদায় জানাননি। বরং নতুন কিছু দিয়েছেন। ২০০১ সালে তিনি পারভিওর অফ ওয়ান্ডার-পিওডব্লিউ নামে নতুন একটি এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান চালু করেন। এর কাজ কমিক্স চরিত্রগুলোকে চলচ্চিত্র ও টেলিভিশন প্রোগ্রামে নিয়ে আসা। অর্ধশত বছরের পুরোনো চরিত্রগুলোকে নতুন আদল দিতেই লি নতুন এই পরিকল্পনা নিয়ে মাঠে নামেন। যার সফলতা প্রচার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে। এক্সম্যান, স্পাইডারম্যান, আয়রন ম্যান ফ্যান্টাসটিক ফোর, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, ডেয়ারডেভিল এবং অ্যাভেঞ্জার্সকে নিয়ে হলিউড চলচ্চিত্র নির্মাণ করেছে, যার বেশিরভাগের খ্যাতি ছিল আকাশচুম্বী।

তিনি একটি সাক্ষাত্কারে বলেন, ‘আমি জানি, খুবই আনন্দ দিতে পারি সারাবিশ্বের মানুষকে। তবে আমিও সবার প্রতি কৃতজ্ঞ, কারণ আমি তাদের আনন্দে আনন্দিত হই।’