করোনা ভাইরাস সংকট
স্পোর্টস রিপোর্টার
খেলাধুলার জগতের সব সেলিব্রিটিই এখন নানাভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। বিশ্বের বাকি সব ক্রিকেটারের তুলনায় বাংলাদেশের নারী ক্রিকেটারদের আয় খুবই কম। তারপরও জাতীয় দলের দুই তারকা সালমা খাতুন ও পান্না ঘোষ মানুষের পাশে থাকার জন্য কাজ করে যাচ্ছেন। আগেই এই উদ্যোগ নিয়েছেন জাহানারা আলম।
খুলনার রূপসা উপজেলার রাজাপুর ইউনিয়নের মিল্কি দেয়ারায় অভাবী মানুষের মধ্যে খাদ্য বিতরণের উদ্যোগ নিয়েছেন সালমা। তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মহিলা ক্রিকেট দলের কোচ ইমতিয়াজ হোসেন পিলু।
অধিনায়ক সালমার জন্মস্থান খুলনার রূপসা উপজেলার রাজাপুর মিলকি দেয়ারা গ্রামে। সেখানেই তার বেড়ে ওঠা। ছোটোবেলা থেকে স্বল্পআয়ের মানুষের সঙ্গেই তার চলাচল। এই দুঃসময়ে তাদের কষ্ট ছুঁয়ে গেছে সালমাকে। তাই কর্মহীন হয়ে পড়া এই মানুষদের নিজের সাধ্যমতো সহায়তা দিচ্ছেন। তিনি জানালেন অধিকাংশ পরিবারই এখন উপার্জনহীন, ‘আমার গ্রামের অধিকাংশ পরিবারই নৌ-ঘাটের শ্রমিক পরিবার ও গুদাম শ্রমিক। করোনা ভাইরাসের কারণে তারা সবাই এখন কাজ হারিয়ে বসে আছে। এসব পরিবারের পাশে আমি আমার সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছি।’
এদিকে পান্না ঘোষ রাজশাহীতে নিজের মতো করে কাজ করছেন। আশে-পাশে থাকা অসহায় পরিবারগুলোর একটি তালিকা তৈরি করেছিলেন। খাতায় লিখে রেখেছিলেন তাদের নাম। সেই হিসেবে তাদের হাতে টোকেনও পৌঁছে দিয়েছিলেন। যেন বণ্টনের সময় বিশৃঙ্খলা তৈরি না হয়। সেই টোকেনগুলো এক এক করে জমা নিয়েই খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পান্না ঘোষ। ফলে এসব ত্রাণ বণ্টনের সময় হুমড়ি খেয়ে পড়েনি কেউ, বজায় থেকেছে সতর্কতামূলক সামাজিক দূরত্বও। এমন মহত্ কাজের কথা ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন:‘এখন কার্যত লকডাউন চলছে। কেউ কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে আমরা যেন সচেতন হই। আমাদের সবার সচেতনতা এই ভাইরাস থেকে আমাদেরকে রেহাই দিতে পারে।’