স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের প্রকোপে ভারতকে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হলেও এখনো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে, একটা ব্যাপার নিশ্চিত যে এখনই স্থগিত হচ্ছে না আইপিএল।
ক্রিকেট বিশ্বও মনে করে আইপিএল বাতিল করা ঠিক হবে না। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই জরুরি আইপিএল আয়োজন। তিনি এক টুইটে বলেন, ‘ আইপিএল শুধু ভারতের জন্য নয়, খেলাধুলার বিশ্বব্যাপী অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বর-অক্টোবরে পাঁচ সপ্তাহের একটি টুর্নামেন্ট খেলতে চাইব আমি। যদি বিশ্বকাপ হয়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই হবে।’
প্রাথমিকভাবে আইপিএলের ১৩তম আসর চলতি মার্চের ২৯ তারিখ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা ভাইরাসের প্রকোপে সেটা ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। এখন লকডাউন পরিস্থিতিতে বিসিসিআই দেশের সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। ছোটো পরিসরে আইপিএল আয়োজনের গুঞ্জনও আছে।
আইপিএল না হলে বড়ো ধরনের ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে ক্ষতির পরিমাণটা হবে ৪ হাজার কোটি রুপির। ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকার মনে করেন, এই ক্ষতির ব্যাপারটা মাথায় রেখেই আইপিএল বাতিল করা ঠিক হবে না। তিনি স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে বলেন, ‘কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়া মাত্রই আইপিএল আয়োজনের প্রস্তুতি শুরু করা উচিত। এটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও জরুরি। এটা কেবল মুম্বাই ইন্ডিয়ান্স, একজন ধোনি বা কোহলির জন্য নয়, এমন অনেক মানুষ আছে যাদের জীবিকানির্ভর করে আইপিএলের ওপর।’