টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীর চেরাগ আলী এলাকার একটি ঝুটপল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে প্রায় ২০-৩০টি ঝুটের গুদাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাত্ করেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে সঙ্গে সঙ্গে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের পোশাক কারখানাসহ বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি এবং উত্তরা থেকে ২টিসহ মোট ৬টি ইউনিট একযোগে কাজ করে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জোন-২ এর প্রধান মো. মানিকুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত করে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও র্যাব বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়।