অযথা আড্ডা ও ঘোরাঘুরির কারণে ২৫ জনকে ৮৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। সোমবার রাজধানীর ফার্মগেট এলাকায় এই অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।
র্যাব-২ এর সহযোগিতায় পরিচালিত এই অভিযানের তথ্য দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, করোনা প্রতিরোধে সরকার সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি সকলকে প্রয়োজন ছাড়া ঘরে থাকার নির্দেশ দিয়েছে। কিন্তু ফার্মগেটে একটি প্রাইভেট কার আটক করে এর যাত্রীকে জিজ্ঞাসা করলে বলেন যে ফাঁকা রাস্তা তাই গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছেন। প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে বের হওয়ার অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরকম একজন ব্যক্তি গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছেন প্রয়োজন ছাড়া। তার পকেটে জরিমানার টাকা না থাকায় বাসা থেকে টাকা এনে জরিমানা পরিশোধ করার পর তার গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করা হয়। তারা প্রয়োজন ছাড়াই বের হয়েছিলেন। তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম আরো বলেন, জরিমানা করা হয়েছে সচেতনতার জন্য। সকলকেই করোনা প্রতিরোধে সচেতন হতে হবে। অযথা ঘরের বাইরে ঘোরাঘুরি না করাই ভাল। মোহাম্মদপুরে অলিগলিতে বেশ কয়েকজন যুবককে আড্ডা দিতে দেখা যায়। তাদেরকে সচেতন হওয়ার নির্দেশনা জানিয়ে দিয়ে বাসায় পাঠানো হয়। তবে তাদেরকে কোনো জরিমানা করা হয়নি।
ইত্তেফাক/আরএ