এ বছরটা বলিউডের বিয়ের মৌসুম বলা যায়। রণবীর সিং-দীপিকা পাডুকোন এবং মার্কিন গায়ক নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়া শিগগিরই গাঁটছড়া বাঁধছেন। বিয়ের গুঞ্জন চলছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। তবে আলোচনার বাইরে নন মালাইকা আরোরা ও অর্জুন কাপুরও। জানা গেছে, আগামীবছরই বিয়ে করছেন মালাইকা ও অর্জুন জুটি।
আগামী এপ্রিয়ে বিয়ে করবেন এমন গুঞ্জনের জবাবে মালাইকা আরোরা বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কিছু বলিনি। এটা এমন না যে, এর উত্তর দিতে আমি লজ্জা পাই। আসলে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে একদম স্বস্তি পাই না। আমার জীবনে কী হচ্ছে, সবাই এ নিয়ে সচেতন। এ নিয়ে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। আমি আমার জীবন উদযাপন করছি এটা সুন্দর ও মূল্যবান।’
গতবছর আরবাজ খানের সঙ্গে মালাইকার বিবাহবিচ্ছেদের পর ‘নমস্তে ইংল্যান্ড’ তারকা অর্জুনের সঙ্গে বিয়ের ব্যাপারটি আলোচনায় আসে। যদিও ‘ছাইয়া ছাইয়া’ কন্যা মালাইকা এর আগে বলেছেন, অর্জুনের সঙ্গে তার বেশ ভালো বন্ধুত্ব। মানুষ এর অন্য অর্থ করছে। গতমাসে ইতালিতে নিজের ৪৫তম জন্মদিন উদযাপন করেন মালাইকা। সেখানে তাকে সঙ্গ দেন ৩৩ বছর বয়সী অর্জুন। মিলান বিমানবন্দরে তাদের হাতে হাত ধরে হাঁটতে দেখা যায়। ভারতে ফেরার পর সামাজিক মাধ্যমগুলোতে তাদের যুগল ছবি ছড়িয়ে পড়ে। এরপর তাদের ডিনার ডেটে দেখা যায়। মাত্র চারদিন আগে মালাইকাকে অর্জুনের বাড়ির সামনে দেখা গেছে।