করোনার মহামারির মধ্যেই ১৮ এপ্রিল সংসদ অধিবেশন

আগামী ১৮ এপ্রিল শনিবার বিকাল ৫টায় জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটা হবে চলতি একাদশ জাতীয় সংসদের ৭ম এবং এ বছরের দ্বিতীয় অধিবেশন।

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনা ভাইরাসের সংক্রমণের মহামারির মধ্যেই এই অধিবেশন ডাকতে হয়েছে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকতে হয়। একাদশ সংসদের সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল গত ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন বসার কথা ছিল গত ২২ মার্চ। করোনাভাইরাসের প্রকোপের কারণে সেই অধিবেশন বাতিল করা হয়।

১৮ এপ্রিল অধিবেশন বসলেও চলতি সংসদের সদস্য ও সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে তার ওপর আলোচনা শেষে ঐদিন অধিবেশন মূলতবি করা হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আসন্ন অধিবেশনটি হবে খুব সংক্ষিপ্ত। ১৮ এপ্রিল অধিবেশন বসার আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক হবে।