করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ আসার ১০ দিন পরও লক্ষণ অব্যাহত থাকায় ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও ব্রিটিশ সরকার প্রধান হিসেবে তিনি এখনো দায়িত্বে আছেন বলে নিশ্চিত করেছে ডাউনিং স্ট্রিট।
গত মাসে পরীক্ষায় জনসনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। তারপর থেকে ডাউনিং স্ট্রিটের বাসভবনে আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু ১০ দিন পার হওয়ার পরও শরীরে জ্বর থাকায় পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা দরকার বলে মনে করেন তার ব্যক্তিগত চিকিত্সক। এরপর জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়, যাকে ‘পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ’ বলে দাবি করেছে ব্রিটিশ সরকার। তাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। ‘এটি পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ, কারণ পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার ১০ দিন পরও প্রধানমন্ত্রী ভাইরাসটি লক্ষণ বহন করছেন,’ বলা হয়েছে এক বিবৃতিতে।
প্রধানমন্ত্রীকে জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়নি এবং তিনি সরকার প্রধানের দায়িত্বেই আছেন বলে জোরালোভাবে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। সোমবার ব্রিটিশ সরকারের জরুরি কোভিড-১৯ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব সভাপতিত্ব করবেন বলে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন।
করোনা ভাইরাস মহামারির কঠিন সময়ে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রানি দ্বিতীয় এলিজাবেথ আত্মনিয়ন্ত্রণ এবং দৃঢ়সংকল্প নিয়ে পরিস্থিতি মোকাবিলার ডাক দেওয়ার মাত্র এক ঘণ্টা পর জনসনকে হাসপাতালে ভর্তি করার খবর আসে বলে জানায় রয়টার্স। জনসনের হাসপাতালে ভর্তি হওয়ার কথা রানিকে জানানো হয়েছে বলে বাকিংহাম প্রাসাদ জানিয়েছে। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেনি তারা।