কুকুর, বিড়ালের পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলো বাঘ। নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় চার বছর বয়সি নাদিয়া নামে একটি মালয় বাঘের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ঐ চিড়িয়াখানার চারটি বাঘ ও তিনটি সিংহের শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেওয়ায় কোভিড-১৯-এর পরীক্ষা করা হয়। পরীক্ষায় একটি বাঘের করোনা পজিটিভ এসেছে। -খবর বিবিসি ও রয়টার্সের ব্রঙ্কস চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে, আইওয়া অঙ্গরাজ্যের ন্যাশনাল ভেটেরিনারি সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে। চিড়িয়াখানার প্রধান ভেটেরিনারিয়ান পল ক্যালে রবিবার বলেছেন, কোনো বাঘের কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। চিড়িয়াখানাটির তত্ত্বাবধানে থাকা ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি জানিয়েছে, ক্ষুধামন্দা ছাড়া ঐ পশুগুলোর বড়ো কোনো সমস্যা নেই। সেখানকার অন্য কোনো প্রাণীর মধ্যে এই ভাইরাসের উপসর্গ দেখা যায়নি। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ‘এ ধরনের সংক্রমণে একেক প্রাণীর মধ্যে একেক ধরনের প্রতিক্রিয়া দেখা যেতে পারে। বাঘের ক্ষেত্রে সেটা কেমন হবে এখনো আমরা জানি না। তবে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আশা করছি বাঘটি পুরোপুরি ভালো হয়ে উঠবে।’ গত মাসে এক ব্যক্তির সংস্পর্শে আসার পর প্রাণীগুলোর মাঝে শুষ্ক কাশিসহ ঠান্ডাজনিত লক্ষণ দেখা যায়। এরপরই ঐ প্রাণীগুলোকে করোনার পরীক্ষা করা হলে একটি বাঘের দেহে করোনা ধরা পড়ে।
গত তিন মাসে হংকংয়ে কুকুর ও বিড়ালের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার কয়েকটি খবর এসেছে। তবে ব্রঙ্কস চিড়িয়াখানায় বাঘের মধ্যে সংক্রমণ ধরা পড়ার ঘটনাটিকে কর্মকর্তারা আলাদাভাবে দেখছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার থেকে গত মার্চের মাঝামাঝি সময় থেকে চিড়িয়াখানাটি বন্ধ করে রাখা হয়েছিল। আর ঐ বাঘটির মধ্যে উপসর্গ দেখা দেয় ২৭ মার্চ। প্রধান ভেটেরিনারিয়ান জানিয়েছেন, অচেতন না করলে প্রাণীগুলোর পরীক্ষা করানো সম্ভব নয়। তাই আপাতত এদের কোভিড-১৯ পরীক্ষা করানো সম্ভব হচ্ছে না।