সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি পোশাকশিল্প আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এ খাতের মালিকদের দুইটি সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। তবে যেসব কারখানায় স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম (পিপিই) তৈরি এবং জরুরি রপ্তানি আদেশের কাজ চলমান রয়েছে, সেসব কারখানা খোলা রাখা যাবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে শিল্পাঞ্চল পুলিশ, সংশ্লিষ্ট সংগঠন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে (ডিআইএফই) অবহিত করতে হবে। এছাড়া মার্চের বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সরকারি সাধারণ ছুটি এবং করোনার ঝুঁকির মধ্যেও গতকাল কিছু কারখানা চালু ছিল বলে জানা গেছে। অবশ্য রবিবারের চেয়ে এ সংখ্যা কম ছিল। এছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) শিল্পকারখানাও আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।