নিউইয়র্কে করোনায় বাংলাদেশ সোসাইটির আরেক নেতার মৃত্যু

নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন বাংলাদেশ সোসাইটির কার্যকরি সদস্য মো. আজাদ বাকির (৫৮)। স্থানীয় সময় সোমবার ভোর রাত পৌনে ৪টায় নিউ ইয়র্কের কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে মারা যান তিনি। গত আট দিন ধরে তিনি ঐ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার দুইটি কিডনিই বিকল হয়ে যায়। তিনি হূদেরাগেও আক্রান্ত হয়েছিলেন।

আজাদ বাকির নিউ ইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটস এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। ছেলে রোহান তার বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। আজাদ বাকিরের মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টা আগে একই হাসপাতালে করোনা ভাইরাসে মারা যান বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ।

আজাদ বাকির যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরেও নানান সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন আজাদ বাকির। কুমিল্লার কৃতী সন্তান আজাদ বাকির নিউ ইয়র্কে বৃহত্তর কুমিল্লার সোসাইটির সাবেক সভাপতি। কমিউনিটিতে খুব জনপ্রিয় ছিলেন তিনি। নিউ ইয়র্কে সোনালি এক্সচেঞ্জে কর্মরত ছিলেন আজাদ বাকির। রাজনৈতিক কারণে তিনি চাকরি হারান।

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর তালিকা সময়ের সঙ্গে দীর্ঘ হচ্ছে। স্থানীয় সময় ৬ এপ্রিল সোমবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৭৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। আক্রান্তের সঠিক কোনো পরিসংখ্যান এখনো জানা নেই।