ময়মনসিংহের নান্দাইলে ছাগলে শসাখেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে সংঘর্ষকারীদের নিবৃত্ত করতে গিয়ে লাঠির আঘাতে আবুল বাশার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের সাত জন গুরুতর আহত হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গ্রামের জনৈক শাহাব উদ্দীনের ছাগল প্রতিবেশী সিরাজ উদ্দিনের শসাখেতে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে গিয়ে আছুম উদ্দিনের ছেলে আবুল বাশারের মাথায় লাঠির আঘাত লাগে এবং মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সংঘর্ষে গুরুতর আহত সিরাজ উদ্দিন, মুজিবুর রহমান, রিয়াজ উদ্দিন, রুহুল আমিন, শরাফত, মতিউর রহমান ও শহীদ নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন।
নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহম্মদ জানান, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।