সিদ্ধিরগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ওই রোগীর বয়স ১০ বছর। সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তর পাড়া এলাকায় ওই রোগীটি শনাক্ত করেছে নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগ।

বিষয়টি গতকাল (সোমবার) বিকালে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা এবং নারায়ণগঞ্জ জেলা করোনা ফোকাল পার্সন ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম। 

এই কর্মকর্তা আরো বলেন, আমরা আরো ২দিন আগে তার নমুনা সংগ্রহ করি। পরে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠাই। আজকে আমরা সেই রিপোর্ট পেয়েছি। রিপোর্ট পাওয়ার আগে থেকেই আমরা ওই বাড়ির সবাইকে বাড়ির বাইরে আসতে নিষেধ করে দিয়েছি। তাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই। তবে সবাইকে সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে। কেউ যেন বাড়ির বাইরে না আসেন। সকলেই যেন বাড়ির ভেতরেই অবস্থান করেন।

এদিকে নারায়ণগঞ্জে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা ২৩ জন। গত  ২৪ ঘণ্টায় নারায়নগঞ্জে রোগী সনাক্ত হয়েছে ১২ জন। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২জন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক করোনা আক্রান্ত রোগীর কথা স্বীকার করে জানান, আমরা খবর পাওয়ার পর থেকে ওই বাড়িটির সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে বলেছি। ওই বাড়ির কাউকেই বাড়ি থেকে বাইরে বের হতে নিষেধ করে দিয়েছি। এবং কেউ বাইরে থেকে যেন ওই বাড়িতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারেও আমরা নজরদারি করছি। এর পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে তাদের বিষয়ে।

ইত্তেফাক/এমআর