মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দিতে অবস্থিত জেএমআই ইন্ডাস্ট্রির শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ছুটির দাবিতে আন্দোলন শুরু করেছে। মঙ্গলবার দেশের সার্বিক অবস্থা এবং শ্রমিকদের দাবির প্রেক্ষিতে দুুপুরে কাজে যোগ না দিয়ে ছুটির দাবিতে আন্দোলন করেন তারা। পরে আগামী ১৪ তারিখ পর্যন্ত কারখানাটি বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, করোনা আতঙ্কে দেশের অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও কাজ চালিয়ে যাচ্ছিল জেএমআই ভ্যাকসিন ইন্ডাস্ট্রি। কোম্পানিটির অধিকাংশ কর্মচারী স্থানীয় না হওয়ায় বাড়িওয়ালারা তাদের বাড়ি ত্যাগ করতে আদেশ দিয়েছেন। এছাড়াও গণপরিবহন বন্ধ থাকায় নিদারুণ কষ্ট করে গত কয়েকদিন ধরে শ্রমিকরা কাজে আসছিলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করে শ্রমিকরা।
ইন্ডাস্ট্রিটির প্রশাসনিক কর্মকর্তা মাসুদুর রহমান জানান, জেএমআই মূলত একটি ভ্যাকসিন ইন্ডাস্ট্রি। এখানে বিভিন্ন প্রকার ভ্যাকসিন ও ঔষধ তৈরি হয় সেজন্য তারা কারখানাটি চালু রেখেছিলেন। তবে শ্রমিকদের দাবির পরিপেক্ষিতে কারখানাটি আগামীকাল ৮ তারিখ হতে আগামী ১৪ তারিখ পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছেন তারা।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী জানান, খবর পেয়ে তিনি সাথে সাথে কোম্পানিটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। দেশের সার্বিক অবস্থা এবং শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কোম্পানিটির কার্যক্রম আগামী ১৪ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বলে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে।
মুন্সীগঞ্জে ৩ পিকাপভ্যান জাটকা উদ্ধার: লৌহজংয়ের মাওয়া চৌরাস্তায় অভিযান চালিয়ে ৩টি পিকাপভ্যানসহ প্রায় ৬০ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শক সিরাজুল কবিরের নেতৃত্বে একদল নৌপুলিশ সদস্য অভিযান চালিয়ে এক ব্যক্তিসহ এ পিকাপভ্যান তিনটি জাটকাসহ আটক করে।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শক সিরাজুল কবির জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে মাওয়া চৌরাস্তার কাছে অভিযান চালিয়ে ঢাকামুখী ৩টি পিকাপভ্যান আট করা হয়। এ সময় পিকাপভ্যান হতে প্রায় ৬০ মন জাটকা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভ্যানে থাকা ৫-৬ জন লোক দৌড়ে পালিয়ে যায়। নৌ-পুলিশ একজন চালককে আটক করতে সক্ষম হয়। পরে লৌহজং উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার। পরে উদ্ধারকৃত জাটকাগুলো গরীব দুঃখী ও এতিমদের মাঝে বিলি করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মু. রাশেদুজ্জামান জানান, পিকাপে ৬০ মণ জাটকাসহ অন্যান্য মাছও ছিল। তাই জাটকা মাছ গরীর দুঃখীর মাঝে বিলিয়ে দেয়া হয়েছে। আটককৃত চালককে ছেড়ে দেয়া হয়েছে। তবে পিকাপ তিনটি আকট রেখে এর মালিককে তলব করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি