বগুড়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যসহ গ্রেফতার ২৩

বগুড়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শেরপুরের ‘ফুড ভিলেজ’ রেস্তরায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, গাড়ীদহ ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান দবিবুর রহমান, শেরপুর পৌরসভার কাউন্সিলর বিএনপি নেতা জাহেদুর রহমান টুলু, ফেরদৌস জামান, হাফিজার রহমান ও আব্দুর রহিম। 

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। সেইসব মামলায় গ্রেফতার করে শুক্রবার রাতেই তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আরো ১৬ জনকে গ্রেফতার করা হয়। 

তারা হলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শহরের হামছায়াপুর এলাকার বাসিন্দা দবিবুর রহমান (৫৬), শেরপুর পৌরসভার কাউন্সিলর স্থানীয় স্যানালপাড়ার বাসিন্দা বিএনপি নেতা সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম (৪৫), উপজেলার দরিখাগা গ্রামের বিএনপি কর্মী ওমর আলী (৫৫), সীমাবাড়ী ইউনিয়নের টাকাধুকুরিয়া গ্রামের মজনু সেখ (৩৬), মোয়াজ্জেম হোসেন (৫০), শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের আলমগীর হোসেন স্বপন (৪০), ঘোলাগাড়ী গ্রামের মো. সেলিম রেজা (২৯) কুসুম্বী ইউনিয়নের জামুর গ্রামের আব্দুল্লাহ (৩০), গোসাইবাড়ী বটতলা এলাকার তোফায়েল আহমদ (৩৬), লক্ষীকোলা গ্রামের মো. মোকছেদ আলী (৫৫), মাগুরগাড়ী গ্রামের আরিফ মাহমুদ (৩০), মির্জাপুর ইউনিয়নের ভাদরা গ্রামের রাকিবুল হাসান (২৮), সুঘাট ইউনিয়নের জয়লাজুয়ান গ্রামের মোতাহার হোসেন রকেট (৫০), ফুলজোর গ্রামের লুৎফর রহমান (৩৮), বিনোদপুর গ্রামের শহিদুল ইসলাম (৩৫) ও খানপুর ইউনিয়নের নলবাড়িয়া গ্রামের আবু বকর সিদ্দিক (৫৬)। 

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া কারো কারো বিরুদ্ধে একাধিক নাশকতার মামলাও রয়েছে।

ইত্তেফাক/অনি/বিএএফ