শরণখোলার পল্লীতে দস্যুতা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

শরণখোলায় বৃহস্পতিবার দিবাগত রাতে কদমতলা গ্রামে মুখোশধারী দস্যুরা হানা দিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার লুটে নিয়েছে।

গৃহকর্তা শাহে আলম সিকদারের স্ত্রী মাহমুদা বেগম জানান, 'রাত একটার দিকে দস্যুদল ঘরের দরোজা খুলতে বলে। না খোলায় দরোজা ভেঙে মুখোশ পরা ৪/৫ জন দস্যু ঘরে ঢুকে আলমারি ও ট্রাঙ্কের তালা খুলে নগদ ১০ হাজার টাকা, একটি সোনার চেইন, বালা ও কানের দুলসহ অন্য মালামাল নিয়ে যায়।'

তিনি জানান, তার স্বামীর চাকরির কারণে নারায়নগঞ্জে কর্মস্থলে থাকেন। বাড়িতে তিনি মেয়ে সাদিয়া (৮) ও ছোট ছেলে নিয়াজকে (৫) নিয়ে থাকেন।

এ ব্যাপারে শাহে আলম শিকদার মুঠোফোনে শুক্রবার বিকেল ৩টার দিকে জানান, 'দস্যুরা বারবার তার বাড়িতে হানা দেওয়ায় তার স্ত্রী-সন্তান ভীতির মধ্যে রয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।'

শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার বলেন, 'এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'

ইত্তেফাক/নূহু