করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, এলাকা লকডাউন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনা ভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে মৃত্যু হওয়া এক বৃদ্ধের (৬৫) দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সোমবার (৭ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার চৌডলা ইউনিয়নের পূর্ব এলাকার একটি গ্রামে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ওই এলাকা রাত থেকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান বলেন, তিনি মানিকগঞ্জ জেলায় দিন মজুর হিসেবে কাজ করতেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে সোমবার সকালে সেখান থেকে তার গ্রামের বাড়িতে ফিরে আসেন এবং রাত সাড়ে ৮ টার দিকে মারা যান। ঘটনার পর থেকে ওই এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া ওই ইউনিয়নের সাথে উপজেলার অন্যান্য ইউনিয়নের সকল প্রকার যোগাযোগ সীমিত করা হয়েছে। 

আরো পড়ুন: করোনা সন্দেহে একই পরিবারের ৩ জন আইসোলেশনে, বাড়ি লকডাউন 

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারওয়ার জাহান জানান, বিলম্ব হওয়ায় মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে তার সাথে থাকা অপর ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে হোম কোয়ারেন্টাইন থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।  

এ ব্যাপারে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, বাড়ি এসে অসুস্থ ওই ব্যক্তি সোমবার রাতে মারা যায়। মঙ্গলবার সকালে তার দাফন সম্পন্ন হয়েছে। 

 ইত্তেফাক/এএএম