খুমেকে করোনা ভাইরাস পরীক্ষা শুরু

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয়তলায় মাইক্রোবাইলোজি বিভাগের ল্যাবে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনের উদ্বোধন করার পর করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়। প্রথমদিনে পরীক্ষার জন্য পিসিআর মেশিনে ১৫টি স্যাম্পল দেওয়া হয়েছে।

এসময় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, করোনা ভাইরাস শনাক্তকরণ মেশিনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের করোনা শনাক্ত ও চিকিৎসা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সব নির্দেশনা দিয়েছেন তা মেনে চলা এবং সরকারি নির্দেশনা মেনে সবাইকে ঘরে অবস্থানের আহ্বান জানান তিনি।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, করোনা শনাক্তকরণ মেশিন দিয়ে একসঙ্গে ৯৬টি নমুনা পরীক্ষা করে যাবে। মঙ্গলবার প্রথমদিনে পরীক্ষার জন্য পিসিআর মেশিনে ১৫টি স্যাম্পল দেওয়া হয়েছে। মেশিন থেকে বেরুনোর পর বিস্তারিত জানানো যাবে। সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করা হবে। তবে যে কেউ চাইলে নিজে নিজে এসে পরীক্ষা করাতে পারবেন না। 

তিনি বলেন, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা সদর হাসপাতাল এবং খুলনার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ফ্লু কর্নার স্থাপন করা হয়েছে। ফ্লু কর্নারের বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর লক্ষণ ও উপসর্গ দেখে যাদের করোনাভাইরাস পরীক্ষা করা প্রয়োজন শুধুমাত্র তাদেরই নমুনা পিসিআর মেশিনে পরীক্ষা করা হবে। পিসিআর মেশিনে চার ঘণ্টার মধ্যে পরীক্ষার ফলাফল জানা যাবে। তবে এখানকার ফলের ভিত্তিতেই পরীক্ষার ফল ঘোষণা করা হবে না। পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি দ্রুত সময়ে ঢাকাস্থ আইইডিসিআরে প্রেরণ করে নিশ্চিত হয়ে ফলাফল জানানো হবে।

করোনা ভাইরাস পরীক্ষার পর যারা পজিটিভ শনাক্ত হবেন তাদের করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে প্রস্তুত করা খুলনা ডায়াবেটিক হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে।

পিসিআর মেশিন উদ্বোধন অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল আহাদ, অতিরিক্ত পুলিশ কমিশনার ফজলুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সিভিল সার্জান ডা. সুজাত আহম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/কেকে