স্পোর্টস ডেস্ক
দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল তিনি এই ‘সুসংবাদ’ জানান। ফেসবুকে কন্যা আলাইনা হাসান অব্রির একটি ছবি পোস্ট করেন সাকিব আল হাসান। এই ছবিতে একটি টি-শার্ট হাতে পোজ দেন আলাইনা। টি-শার্টে লেখা ‘ওয়েলকাম হোম’ আর ক্যাপশনে লেখা ‘বিগ সিস্টারহুড’। তার মানে হলো বড়ো বোন হতে যাচ্ছেন আলাইনা আর বাবা হতে যাচ্ছেন সাকিব।
সাকিব এই মুহূর্তে ক্রিকেট থেকে দূরে আছেন। জুয়াড়ির দেওয়া প্রস্তাব গোপন করায় তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সাকিব ও উম্মে আহমেদ শিশির বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১২ সালের ১২ ডিসেম্বর। ২০১৫ সালের ৮ নভেম্বর তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষা সাকিব দম্পতির। তবে মেয়ের বাবা হচ্ছেন নাকি ছেলের—তা এখনো জানাননি সাকিব।
সাকিব পরিবার এখন যুক্তরাষ্ট্রে আছে। কিছুদিন আগে বাংলাদেশ থেকে সাকিব যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিধি মোতাবেক সেল্ফ কোয়ারেন্টাইনে ছিলেন ১৪ দিন। তার পর পরিবারের সঙ্গে দেখা করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।