স্পোর্টস ডেস্ক
বছরের শুরুতে হেলিকপ্টার দুর্ঘটনায় কোবে ব্রায়ান্টের অকাল মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল গোটা ক্রীড়াবিশ্বকেই। ব্যক্তিগত পরিচয় আর জীবনযাত্রায় সাদৃশ্য থাকার কারণে ব্যাপারটা আরো কঠিন হয়ে দাঁড়িয়েছিল পিএসজি তারকা নেইমারের জন্যে। সমপ্রতি এক সাক্ষাত্কারে এমনটাই জানান ব্রাজিল ফরোয়ার্ড।
কোবের মৃত্যুর সময়ে পিএসজির হয়ে লিলের বিপক্ষে লড়ছিলেন নেইমার। বিরতির সময়ে জেনেছিলেন প্রিয় তারকার মৃত্যুর খবর। দ্বিতীয়ার্ধে সেদিন গোল করেই উত্সর্গ করেছিলেন সদ্যপ্রয়াত কোবের প্রতি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক জানিয়েছিলেন পিএসজি ফরোয়ার্ড, পরের ম্যাচে নেমেছিলেন কোবের সম্মানে বিশেষ এক জার্সি পরেও।
জীবদ্দশায় বেশ কয়েকবার বার্সেলোনা আর এসি মিলানের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি এই বাস্কেটবল খেলোয়াড়। নেইমারের সঙ্গে পরিচয়টাও সেই সূত্রেই। বার্সেলোনায় প্রথম দেখার পর আরো বেশ কয়েকবার দেখা হয়েছিল দুজনের। আর তাই প্রিয় তারকার মৃত্যুর খবরটা আর সবার চেয়ে বেশিই আঘাত করেছিল নেইমারকে।
সম্প্রতি ভোগ মেন অ্যারাবিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে নেইমার বলেন, ‘নিজেদের মধ্যে অনেক সাদৃশ্য ছিল আমাদের। আর তাই তার মৃত্যু আমার জীবনে অনেক বেশি প্রভাব ফেলেছিল। আমি কোবের সঙ্গে ব্যক্তিগত ভাবে পরিচিত ছিলাম এবং যখন সে প্যারিসে আসতো, তার সঙ্গে সাক্ষাত্ করতাম আমি।’
কোবের মৃত্যুতে ক্রীড়াঙ্গন অনেক বড়ো মাপের একজন মানুষকে হারিয়েছে বলেও জানান নেইমার, ‘যখন আপনি খেলোয়াড়ের পেছনের মানুষটার সঙ্গে সাক্ষাত্ করবেন, সেটা ভিন্ন একটা সম্পর্ক তৈরি করে। আর কোবের সঙ্গে আমার সম্পর্কটা ছিল বিশেষ কিছু। ক্রীড়াজগত্ আর সমাজ একজন বড়ো মাপের মানুষকেই হারিয়েছে।’
২০১৭ সালে বার্সেলোনা ছাড়ার পর থেকেই চোটের সঙ্গে নিত্যবসবাস নেইমারের। এ কারণে চলতি মৌসুমে ময়তে ২২টি ম্যাচই খেলতে পেরেছিলেন পিএসজি তারকা। আগের মৌসুমেও একটা বড়ো সময় থাকতে হয়েছিল মাঠের বাইরে। নিয়মিত চোট মানসিকতায়ও অনেক বড়ো প্রভাব ফেলেছে তার, জানালেন নেইমার।
সাবেক বার্সা উইঙ্গারের ভাষ্য, ‘একজন পেশাদার খেলোয়াড়ের জন্য চোটের চেয়ে খারাপ কিছুই হতে পারে না। শেষ দুই মৌসুমে চোট আমাকে আসলেই অনেক ভুগিয়েছে, এমনও সময় গেছে যখন আমি নিজেকেই প্রশ্নবিদ্ধ করছিলাম। খেলোয়াড়ের অর্ধেক সাফল্য নির্ভর করে মনের উপর। যদি মন ভালো থাকে তাহলে সেরাটা স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে।’