রংপুরে মজুতের অভিযোগে টিসিবির পণ্য জব্দ

বদলগাছীতে আটক, সারিয়াকান্দিতে দণ্ড

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর নগরীর বাবুপাড়ায় খোলাবাজারে বিক্রির টিসিবির বিপুল পরিমাণ পণ্য গোডাউনে মজুত রাখার অভিযোগে কর্মচারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।  সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান চালিত হয়।  নির্বাহি ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, বাবুপাড়ার আব্দুল খালেক মিয়ার গোডাউনে মজুত রাখা পাঁচ লিটার সোয়াবিন তেলের ৫০টি কার্টন, দুই লিটারের ৫৭টি কার্টন, পঞ্চাশ কেজি চিনির ৪৭টি বস্তা, পঞ্চাশ কেজি ওজনের ১০টি মসুর ডালের বস্তা এবং পঁচিশ কেজি ওজনের ১৭ বস্তা পেঁয়াজসহ খোলা তেলের ২২০টি প্যাকেট জব্দ করা হয়। এসব পণ্যের অনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। প্রতিটি পণ্যের গায়ে টিসিবির স্টিকার লাগানো। গোডাউন মালিক আব্দুল খালেক না থাকায় তার কর্মচারী মোহাম্মদ সামিকে আটক করা হয়।

সরকারি চালসহ এক জন গ্রেফতার

 বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা জানান, অবৈধভাবে সরকারি চাল মজুত করার দায়ে বদলগাছীতে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের বিলাশবাড়ী গ্রামে সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে সরকারি ১৪ বস্তা চালসহ সোহেল রানাকে আটক করেন। সোহেল রানা জানান, সোমবার সকালে বিলাশবাড়ী গ্রামের সরকারি চাল ডিলার ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করেন। এ সময় গ্রাহকরা চাল বিক্রি করলে তিনি বাজার মূল্যে ১৪ বস্তা চাল ক্রয় করেন।  সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম জানান, অবৈধভাবে সরকারি চাল বাড়িতে রাখার অপরাধে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

 হতদরিদ্রদের বরাদ্দকৃত চাল আত্মসাত্ করায় কারাদণ্ড

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা জানান, সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার গাজিউল হক গাজীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া এ আদেশ দেন।  গোপন সূত্রে অভিযোগ পেয়ে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজিউল হক গাজীর গুদামে অভিযান চালায়। এ সময় হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত সরকারি ২২১ বস্তা চাল উদ্ধার করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহান শাহ হোসেন বলেন, উদ্ধার হওয়া চাল বুঝে নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বসে হিসাব নিকাশ করে বিতরণের ব্যবস্থা করা হবে।