এক বাড়ি ও সাত দোকান লকডাউন
মাগুরা প্রতিনিধি
মাগুরা শহরের পুরাতন বাজার চালপট্টি এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সোমবার রাতে একই পরিবারের তিন জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার ঘটনায় উক্ত এলাকার একটি বাড়ি ও সাত/আটটি দোকান লকডাউন করা হয়েছে। উক্ত এলাকায় লাল নিশান টানিয়ে প্রবেশপথে পুলিশ মোতায়েন করা হয়েছে। লোক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ব্যাংকার উক্ত ব্যক্তি, তার শিশু পুত্র ও মা অসুস্থ হয়ে পড়লে তাদের ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের শরীরে করোনা লক্ষণ দেখা দেওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, করোনা সন্দেহে একই পরিবারের তিন জনকে ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার কারণে উক্ত এলাকার একটি বাড়ি ও সাত/আটটি দোকান লকডাউন ঘোষণা করা হয়েছে।