৭০০ গ্রাম ইলিশের পেটে ২০০ গ্রাম লোহা!

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

৭০০ গ্রাম ইলিশের পেটে ২০০ গ্রাম লোহার রড পাওয়ায় তোলপাড় শুরু হয়েছে। ৫০০ টাকা দিয়ে ৭০০ গ্রাম ইলিশ কিনে বিপাকে পড়েছেন ঐ ক্রেতা। মঙ্গলবার মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার প্রধান বাজার মির্জাপুর মাছ বাজারে এ ঘটনা ঘটে। এদিকে মাছ বিক্রির পর বিক্রেতা লাপাত্তা হয়ে গেছেন। ঐ ইলিশ মাছের ক্রেতা মরিয়ম বেগম জানান, সকালে মির্জাপুর বাজার থেকে ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৫০০ টাকায় ক্রয় করেন। বাড়িতে নিয়ে মাছটি কাটার পর দেখতে পান মাছের পেটে দুটি লোহার রড। যার ওজন ২০০ গ্রাম। তিনি তাত্ক্ষণিক লোহার রডসহ কাটা মাছ নিয়ে বাজারে এসে দেখেন প্রতারক মাছ বিক্রেতা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক বলেন, মাছ কিনতে আসা লোকজনের সঙ্গে যারা প্রতারণা করে আসছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।