স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের পূর্ব নাজির দিঘর গ্রামে অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে গেছে। সোমবার রাত ১০টার দিকে ঐ গ্রামের তবারক আলীর ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিভাতে গিয়ে এক জন দগ্ধ হয়েছেন। তাজহাট থানা পুলিশের এসআই শামীম মিয়া জানান, আগুনে দগ্ধ জাহাঙ্গীর আলমকে চিকিত্সা দেওয়া হয়েছে।
নাচোলে আগুনে বাড়ি ভস্মীভূত
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, নাচোল উপজেলার সদর ইউনিয়নের ঘিওন গ্রামে অগ্নিকাণ্ডে আব্দুল গনির বাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত বাড়ির চুলো থেকে বলে গৃহবধূ জিন্নাতুন নেসা জানান। নাচোল সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন বলে ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. ইব্রাহীম আলী জানান।