লিভারপুলের আরেকটি পরীক্ষা আজ

দীর্ঘ ২৯ বছরের মধ্যে প্রথম কোনো ইংলিশ শিরোপা জয়ের চেষ্টায় লিভারপুল আজ আরেকটি পরীক্ষা দেবে আর্সেনালের সাথে। সাম্প্রতিক খেলাগুলোর ভিত্তিতে বলা যায় ইংলিশ প্রিমিয়ার লিগ চালুর পর শিরোপা না পাওয়ার হতাশা ঘুচাতে এবার দলটির মূল শক্তি তাদের রক্ষণভাগ।

লিভারপুলের মাঠ অ্যানফিল্ডেই হবে এ পরীক্ষা। গত বুধবার এ মাঠে লেস্টার সিটির কাছে ম্যানচেস্টার সিটির হারের খবরটি এসে পৌঁছানোর পর বর্জনিনাদ শোনা গিয়েছিল। কারণ ওই হারের পর সিটির চাইতে প্রিমিয়ার লিগের শীর্ষে সাত পয়েন্টের ব্যবধান গড়ে নেয় কোচ য়ুর্গেন ক্লপের অপরাজিত লিভারপুল। স্বাগতিক দর্শকরাও এখন বিশ্বাস করতে শুরু করেছে এবার হয়তো হতাশা কাটিয়ে শিরোপার দেখা মিলতে পারে তাদের।

ক্লপের দলও সেদিন ৪-০ গোলে নিউক্যাসলকে হারিয়ে ব্যবধানটি বাড়িয়ে নিতে অবদান রেখেছিল। সবকিছু মিলিয়েই লিভারপুলের লক্ষ্য এখন ১৯তম ইংলিশ শিরোপা।

চলতি মৌসুমের শুরুতে সেন্টার ব্যাক ভার্জিল ফন ডিজক ও গোলরক্ষক অ্যালিসনকে আনার পর লিভারপুলের রক্ষণভাগ জোরদার হয়ে ওঠে। তারা আসার পর চলতি মৌসুমে দলটি ১৯ খেলায় কেবল সাত গোল হজম করেছে। গত মৌসুমের এই সময়ের তুলনায় যা কিনা ১৬টি কম। বর্তমান চ্যাম্পিয়ন সিটি বিপরীতে এই সময়ে ১৫ গোল হজম করেছে।

রক্ষণভাগের পাশাপাশি লিভারপুলের আক্রমণভাগও অনেক শক্তিশালী। দলটির ফুলব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড জানান তাদের এই দুই বিভাগ মিলে অ্যানফিল্ডে স্বস্তি এনেছে। এ কারণে নিজেদের মাঠটিতে লিগের শেষ নয় খেলার আটটিতেই জিতেছে লিভারপুল। এ খেলাগুলোয় তারা গোল হজম করেছে কেবল দুটি।

আর্নল্ড বলেন, ‘আমরা দেখিয়েছি আমাদের হারানো কঠিন এবং শুধু তাই নয় আমাদের গোল দেওয়াও কঠিন। এখানে এসে আমাদের গোল দিয়েছে, এমন দলের সংখ্যা বেশি নয়। আমরা অনেকগুলো খেলায় গোল হজম করিনি। বিশেষ করে নিজেদের মাঠে। এটা এমন একটা কিছু যা ডিফেন্ডার হিসেবে এবং দলগতভাবেও আমরা গর্ব বোধ করি।’

মাত্র ২০ বছর বয়সী এই ডিফেন্ডার আরো বলেন, ‘এটাই আমাদের ভিত্তি। এরপর আমরা আক্রমণভাগকে বল জোগাই এবং তারা তাদের সেরা করণীয় আমাদের হয়ে গোলগুলো করেন।’

পঞ্চম স্থানে থাকা আর্সেনালই হলো লিভারপুলের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিতে পারা সর্বশেষ দল। গত মাসে আর্সেনালের মাঠে অনুষ্ঠিত খেলাটি ১-১ গোলে ড্র  হয়েছিল। কিন্তু এরপর কোচ উনাই এমারির আর্সেনাল পথ হারায়। শেষ তিন খেলায় গানাররা সাত পয়েন্ট খুইয়েছে। সর্বশেষ ব্রাইটনের মাঠেও দলটি ১-১ ড্রয়ে বাধ্য হয়।

এরকম পরিস্থিতির মধ্যেই আজ শনিবার অনুষ্ঠিত হবে লিভারপুল ও আর্সেনালের খেলাটি। এর বাইরে শিরোপা প্রত্যাশি দলগুলোর মধ্যে টটেনহ্যাম হটস্পারও এদিন মাঠে নামবে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের বিপক্ষ উলভারহ্যাম্পটন।