চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলাধীন নবাবগঞ্জ পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের রাজারামপুর ও নামোরাজারামপুর (মালোপাড়া) গ্রামের মহানন্দা নদী অববাহিকার চরের বালু ব্যাপকহারে উত্তোলন ও ঘনবসতিপূর্ণ গ্রামের একমাত্র রাস্তা দিয়ে পরিবহনের ফলে জনজীবন অতিষ্ট। অপরিকল্পিতভাবে নদী থেকে একাধিক ড্রেজার মাধ্যমে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন ও নদী ভাঙনসহ নামোরাজারামপুর গ্রামের শত শত বসতবাড়ি, আবাদি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। ফসলি জমিগুলো উর্বরতা হারাচ্ছে এবং অনাবাদি হয়ে পড়ছে। আবাসস্থল রক্ষার স্বার্থে বালু উত্তোলনকারীদের সঙ্গে গ্রামবাসী বিবাদে জড়িয়ে পড়ছে। চলাচলের সময় পরিবহন সৃষ্ট ধুলাবালি, কালো ধোঁয়া ও উচ্চ শব্দ হাঁপানি, শ্বাসকষ্ট, সর্দিকাশি, হূদরোগ নানা রোগে এলাকাবাসী আক্রান্ত হচ্ছে। এছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। এই বিষয়ে গণমাধ্যম প্রতিবেদনে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড অবগত হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আশা করি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অতিসত্বর অবৈধ বালু উত্তোলন বন্ধে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক