নেতাকর্মীদের প্রতি কাদেরের সাত নির্দেশনা

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংকট মোকাবিলায় আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি সাত দফা সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসব নির্দেশনা মেনে চলতে দলটির সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।

সাত দফা নির্দেশনার মধ্যে রয়েছে—১. বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীগণ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে চলে সারাদেশের জনগণের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কিত গণসচেতনতা সৃষ্টি করবেন। ২. কোভিড-১৯ টেস্ট কিট ব্যবহারের জন্য ড্রাগ এডমিনিস্ট্রেশন ও টেকনিক্যাল টিম কর্তৃক অনুমোদিত হতে হয়। এখন পর্যন্ত এ ধরনের কিটে প্রাপ্ত ফলাফল শতভাগ সঠিক না হওয়ায় ড্রাগ এডমিনিস্ট্রেশন ও টেকনিক্যাল টিম সেটা অনুমোদন দেয়নি। এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সতর্ক থাকবেন এবং জনগণকে সচেতন করবেন।

৩. করোনা ভাইরাস প্রতিরোধে সরকার স্বাস্থ্যসেবা প্রদানের   পাশাপাশি প্রশাসনিক নির্দেশনা প্রদান করেছে। নেতাকর্মীরা সঠিক তথ্য প্রদানের মাধ্যমে মানুষের মনে সৃষ্ট আতঙ্ক দূর করবেন এবং গণমাধ্যমে প্রচারিত সরকারি নির্দেশনা মেনে চলার জন্য জনগণকে উত্সাহিত করবেন। ৪. প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতির অভিভাবক হিসেবে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ৩১ দফা নির্দেশনা প্রদান করেছেন। সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগুলো মেনে চলবেন এবং জনগণকে মেনে চলার জন্য উদ্বুদ্ধ করবেন।

৫. খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খোলা বাজারে ওএমএস পদ্ধতিতে ১০ টাকা কেজি দরে চাল ও আটা বিক্রি, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সরকারি ভর্তুকি প্রদানের মাধ্যমে ট্রাকে করে সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে সব উপজেলাতে সুবিধাবঞ্চিতদের মধ্যে নগদ অর্থ সহায়তা ও শিশুখাদ্য প্রদান করা হচ্ছে। এ সব কার্যক্রম যথাযথভাবে পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সব স্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় প্রশাসনকে এই সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করবেন। ৬. প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় পর্যায়ে গরিব-অসহায়-দুস্থদের তালিকা প্রণয়ন করে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও শহর পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই তালিকা প্রস্তুতিতে ও এই কার্যক্রম পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। ৭. দেশবাসীর সম্মিলিত সচেতনতা, সতর্কতা ও স্বাস্থ্যবিধি পালনই পারে ভয়াবহ এই সংকট থেকে আমাদের রক্ষা করতে।