দুই শিক্ষার্থীসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
গাংনী (মেহেরপুর) :মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি আহমেদ (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি উপজেলার মহাব্বতপুর গ্রামের ময়নাল ব্যাপারির ছেলে ও গাংনী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সোমবার বামন্দী গার্লস স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দশমিনা (পটুয়াখালী) :করোনার কারণে সড়কে গাছ ফেলে লকডাউন করায় দশমিনায় মো. রফিকুল ইসলাম (২৬) নামে এক টমটম চালক নিহত ও দুই জন আহত হয়েছেন। সোমবার দশমিনা-পটুয়াখালী সড়কের উত্তর লক্ষ্মীপুর এলাকার মৃধা সমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। রফিক দক্ষিণ আদমপুর গ্রামের মো. শাহআলমের ছেলে।
ঘিওর (মানিকগঞ্জ) :ঘিওরে মোটরসাইকেলের ধাক্কায় আছান উল্লাহ (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরি গ্রামের বাসিন্দা। গতকাল উপজেলার চরবাইলজুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গলাচিপা (পটুয়াখালী) :গলাচিপার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নেছার হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিহত ও দুই জন আহত হয়েছেন। চালক রাজুকে আটক করা হয়েছে। সোমবার উপজেলার বদনাতলী ফেরিঘাটে ট্রাকে তরমুজ লোড করার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার চরকাজলের গ্রামের বাসিন্দা।
নান্দাইল (ময়মনসিংহ) :নান্দাইলে অটোরিকশা চাপায় রিহান মিয়া (৯) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার খারুযা ইউনিয়নের দেওয়ানগঞ্জ অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার মহেষকুড়া গ্রামের সোহেল মিয়ার পুত্র এবং স্থানীয় আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।