দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যখন দিন দিন বাড়ছে তখন এই রোগের উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গল ও সোমবার রাতে এদের মৃত্যু হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকাসমূহে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব মৃত্যুর পর কোনো কোনো এলাকা লকডাউন করা হয়েছে। আবার এদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অপরদিকে, মাগুরায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির নমুনা পরীক্ষা ফলাফল নেগেটিভ এসেছে। ইত্তেফাকের সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
পাকুন্দিয়ায় করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু :কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনার উপসর্গ নিয়ে সুমন আকন্দ (৩০) নামে এক যুবক মারা গেছে। এরপর উপজেলার নামাপুটিয়া গ্রাম লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে বুরুদিয়া ইউনিয়নের নামাপুটিয়া গ্রামের নিজ বাড়ির সামনেই তিনি মারা যান। তিনি উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামাপুটিয়া গ্রামের আবুল হাসিম আকন্দের পুত্র। তিনি একটি বেসরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন।
সিঙ্গাইরে এক জনের মৃত্যু :মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নে শ্বাসকষ্টে এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর উপজেলা প্রশাসন ঐ ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল থেকে এই লকডাউন কার্যকর হয়েছে।
বাজিতপুরে করোনার উপসর্গে এক জনের মৃত্যু:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরুল মিয়া (৫২) নামে এক রিকশাচালক মঙ্গলবার সকাল সোয়া ৯টায় মারা গেছেন।
রামগতিতে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু :লক্ষ্মীপুরের রামগতিতে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে মো. রফিক উল্লাহ নামের এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার সকালে উপজেলার চরসীতা এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান।
গোমস্তাপুরে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু :চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে (জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট) মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সোমবার রাত ৮টার দিকে উপজেলার চৌডলা ইউনিয়নের পূর্ব সাহেবগ্রামের মৃত হাসিমুদ্দিনের ছেলে মোজাম্মেল হকের (৬৫) মৃত্যু হয়। এ ঘটনায় পর ঐ এলাকা রাত থেকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
কালীগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধের মৃত্যু : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে আবদুল কাইয়ুম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জে এক জনের মৃত্যু :ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক দিনে শ্বাসকষ্ট, জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়েছেন তিন জন। তন্মধ্যে এক জনের মৃত্যু হয়েছে।
বেগমগঞ্জে বৃদ্ধের মৃত্যু :বেগমগঞ্জের একলাশপুর গ্রামে সোমবার রাতে করোনা ভাইরাসের লক্ষণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে।
নলছিটিতে শিশুর মৃত্যু :ঝালকাঠির নলছিটি উপজেলা বিকপাশা গ্রামে করোনা ভাইরাস সংক্রমণের সন্দেহভাজন শিশু রাবেয়া আক্তার কলির (৬) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গবার ভোর রাতে মারা গেছে।
খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু :খুলনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সালেহা বেগম নামে (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নাঙ্গলকোটে যুবকের মৃত্যু :কুমিল্লার নাঙ্গলকোটে করোনার উপসর্গ জ্বর, ডায়রিয়া ও গলাব্যথা নিয়ে গতকাল মঙ্গলবার সকালে মোশাররফ হোসেন (৪০) নামে এক জনের মৃত্যু হয়েছে।
মাগুরায় উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির শরীরে করোনা নেগেটিভ :মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ছোট কলমধারী গ্রামে করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাকি মিয়া (৪৬) নামে কৃষকের মৃত্যু হলেও করোনা পরীক্ষায় তার শরীরে ভাইরাসের কোনো উপস্থিতি পাওয়া যায়নি।
ঘাটাইলে বৃদ্ধের মৃত্যু :টাঙ্গাইলের ঘাটাইলে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে মঙ্গলবার সকালে কলেজ মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।