সংকটময় পরিস্থিতিতে শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান

বর্তমান পরিস্থিতিতে শিল্পে সুষ্ঠু কর্মপরিবেশ ও শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষে বলা হয়েছে, আমরা পত্রিকায় দেখেছি কিছু মালিক এ অবস্থায় ব্যবসার ব্যয় কমানোর মাধ্যম হিসেবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই করার চিন্তা-ভাবনা করছেন। এই বিষয়ে বাংলাদেশ এমপ্লয়ার্স  ফেডারেশনের পক্ষ থেকে আমাদের সদস্য প্রতিষ্ঠানসহ দেশের সকল শিল্পমালিকের কাছে বিনীত নিবেদন থাকবে, অন্য যেসব পদক্ষেপের মাধ্যমে ব্যবসার ব্যয় কমানো যায়, আপনারা সেসব বিষয়ে চিন্তা-ভাবনা করবেন।

এতে আরো বলা হয়, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী গত ৩ এপ্রিল ৩১ দফা নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনায় তিনি শ্রমিক-মালিককে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে শিল্প পরিচালনার জন্য সুপারিশ করেন। এছাড়াও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে গত ৩ এপ্রিল জারিকৃত পত্রের মাধ্যমেও বর্তমান পরিস্থিতিতে শ্রমিক ছাঁটাই বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, শিল্পমালিকরা ইতিপূর্বেও কঠিন সমস্যা ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছেন এবং শ্রমিক-কর্মচারী সকলের সহযোগিতায় ছাঁটাই ব্যতিরেকেই বর্তমান এই সংকটময় পরিস্থিতিও মোকাবিলাতে সক্ষম হবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেডারেশনের পক্ষ থেকে শ্রমিক ভাইদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, বর্তমান সংকটময় পরিস্থিতির উত্তোরণ ঘটলে সেসব মতদ্বৈততা নিয়ে আমরা দ্বিপাক্ষিক আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে পারব। আমরা যেন সকল ক্ষেত্রে আরো বেশি সহনশীলতার স্বাক্ষর রাখতে পারি। শ্রমিক-মালিক উভয়পক্ষকেই মনে রাখতে হবে যে, শিল্পের উন্নয়নে পারস্পরিক শ্রদ্ধা-সম্মান ও ভালোবাসা বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে।