সুনামগঞ্জের ভাটি অঞ্চলে ইরি বোরো রোপণের ধুম

সুনামগঞ্জের ভাটি অঞ্চলের হাওর এলাকা দিরাই-শাল্লায় ইরি বোরো রোপণের ধুম পড়েছে। কৃষকরা জমিতে হালি চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। দিরাই-শাল্লার হাওরসমূহে পানি কম থাকায় সেচ সংকট রয়েছে ও অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য কৃষকরা এবার জমিতে আগাম রোপণ করছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর দিরাই এবং শাল্লা উপজেলায় ৫২,২০০ হেক্টর জমিতে ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দিরাই উপজেলায় ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা ২৭,০৭১ হেক্টর। এতে হাইব্রিড ১০,০৭১ হেক্টর, উফসী ১৬,৭০০ হেক্টর এবং স্থানীয় ৩০০ হেক্টর। দিরাই উপজেলায় প্রদর্শনী প্লট রয়েছে ইরি বোরো ৩০টি। এতে জমির পরিমাণ ১০ একর, দিরাই উপজেলায় ৫৬০ জন কৃষককে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। প্রত্যেক কৃষক ৫ কেজি বীজ, ২০ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি, শাল্লা উপজেলায় ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা ২৫,২০০ হেক্টর। এরমধ্যে হাইব্রিড ১০,০০০ হেক্টর, উফসী ১৫,০০০ হাজার হেক্টর, ২০০ হেক্টর স্থানীয়। তাছাড়া, শাল্লা উপজেলায় ৫০০ কৃষককে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ ও ২০ কেজি টিএসপি, ১০ কেজি করে এমওপি প্রদান করা হয়েছে। এলাকায় ঠাণ্ডা আবহাওয়ার কারণে কৃষি শ্রমিকের সংকট রয়েছে। কৃষি শ্রমিক পাওয়া গেলেও মজুরি কৃষকের নাগালের বাইরে বলে জানান ভুক্তভোগীরা।

দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল হোসেন জানান, ইতোমধ্যে ৫০ ভাগ জমির রোপণ শেষ হয়েছে। বাকি জমি রোপণ করতে করতে নির্বাচন পার হয়ে যাবে।

দিরাই উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রণধীর দাস জানান, অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য কৃষকরা এ বছর আগাম জমিতে চারা রোপণ করছে।