আগামীতেও আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই

হাজার হাজার ভোটারের ‘নৌকা নৌকা’ মুহুর্মুহু স্লোগানে মুখরিত জগন্নাথপুর উপজেলা সদরের পৌর পয়েন্টে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী শেষ জনসভায় জনতার ভালবাসায় সিক্ত হলেন — সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলে মিছিলে সভাস্থল জনস্রোতে পরিণত হয়।

নির্বাচনী জনসভায় প্রতিমন্ত্রী এম এ মান্নান জনসাধারণের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, আপনারা আমাকে যেভাবে স্নেহ ভালোবাসা দেখালেন এতে আমি অভিভূত হয়েছি। বিগত ১০টি বছর আপনাদের পাশে থেকে সেবা করেছি যতটুকু পেরেছি জনগণের কল্যাণেই কাজ করেছি। জীবনের বাকি দিনগুলো আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।

প্রতিমন্ত্রী জগন্নাথপুর তথা পুরো জেলার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আগামীতে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় গেলে জগন্নাথপুরকে একটি মডেল উপজেলা উপহার দেয়া হবে। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন— সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, প্রতিমন্ত্রী এম এ মান্নান তনয় শাহাদাত মান্নান প্রমুখ।